সিলেটটুডে ডেস্ক | ০৯ জুন, ২০১৬
সিলেটের বিয়ানীবাজারে একটি হত্যা মামলায় ছোট ভাইয়ের পরিবর্তে দুই বছরের অধিক কারাবন্দী থাকা ‘বড় ভাই’ নুরুল ইসলাম (৬০) অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) বিচারপতি আবুবকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে জামিন আবেদনে নুরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আফতাব উদ্দিন।
আইনজীবীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের আব্দুস সালাম ওরফে সেলাইয়া মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র নজরুল ইসলাম ওরফে দিনাকে খুন করা হয়। তার গলাকাটা মরদেহ গ্রামের খালের পাড় থেকে উদ্ধার করা হয়।
পরে দিনার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন। এ মামলায় দিনার প্রাইভেট শিক্ষক আবু তাহের ওরফে নুনু মৌলভীসহ সাতজনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।
বিচার শেষে ১৯৯৯ সালে সিলেটের দায়রা আদালত নুনু মৌলভী, আব্দুস জলিল, আব্দুর রহমান ওরফে সাদ, আব্দুস শহীদ, এনাম উদ্দিন, খলিলুর ও নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এদের মধ্যে নুনু মৌলভী ও এনাম উদ্দিন পলাতক রয়েছেন।
কিন্তু ২০১৪ সালের ৮ মার্চ পুলিশ নুনু মৌলভীকে গ্রেফতার করতে গিয়ে তাকে না পেয়ে বড় ভাই নুরুল ইসলামকে গ্রেফতার করে। সেই থেকে নুরুল ইসলাম কারাগারে রয়েছেন।
আইনজীবী আফতাব উদ্দিন জানান, নুরুল ইসলামের ভোটার আইডি কার্ড, স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন আনুষাঙ্গিক কাগজপত্র আদালতে উপস্থাপনের পর হাইকোর্ট ছয় মাসের জামিন দিয়েছেন।