সিলেটটুডে ডেস্ক | ১০ জুন, ২০১৬
সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার মাগুরা ইউনিয়নের চারাবটতলায় এ বন্দুকযুদ্ধ হয়।
এ নিয়ে গত মঙ্গলবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বন্দুকযুদ্ধে ১০ জন নিহতের ঘটনা ঘটল।
মোজফফর সানা দোহার গ্রামের আবদুল গফফার সানার ছেলে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির মোজাফফর বাহিনীর প্রধান ছিলেন।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, তালা থানার ওসি ছগির মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মাগুরা ইউনিয়নের চারাবটতলা এলাকায় টহলে ছিল।
ভোরে মোটরসাইকেলে তিনজন আরোহী দ্রুত বেগে চলে যাওযার চেষ্টা করলে পুলিশ তাদের চার্জ করে। এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি করে।
পুলিশও পাল্টা গুলি চালালে মোটরসাইকেলে চালকের আসনে থাকা সানা গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে উদ্ধার করে তালা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, একটি দেশীয় সাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মোজফফর সানার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় চারটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় তালা থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং পুলিশের ওপর হামলা চেষ্টার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান উপপরিদর্শক কামাল হোসেন।
এদিকে, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুল হক ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।