Sylhet Today 24 PRINT

ভেরিফায়েড না করা সিম খোলা পেলে ৫০ ডলার জরিমানা : তারানা হালিম

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, কোথাও কোনো প্রকার প্রি-অ্যাক্টিভ সিম বা ভেরিফায়েড না করা সিম খোলা পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে সিম প্রতি ৫০ ইউএস ডলার করে জরিমানা করা হবে। যা বাংলাদেশি টাকায় ৩৯৪৩ টাকা। এ জন্য আগামী সপ্তাহ থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী তারানা হালিম আজ শুক্রবার তাঁর ফেসবুক পেজে এসব তথ্য জানান।

তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল আমি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সকল মোবাইল অপারেটরদের সিইও, বিটিআরসির প্রতিনিধিদল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদল এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি আলোচনা সভা করি। সিম নিবন্ধনের কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে। ১১ কোটি ৬০ লাখ গ্রাহক তাদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন।

তিনি লিখেছেন, এখন আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে ৭ জুলাই হতে সকল মোবাইল অপারেটরদের মাধ্যমে কার কতটি সিম, কোন অপারেটর এর সিম জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত হয়েছে তা প্রতিটি গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরো লিখেছেন, এ ছাড়া আপনারা জেনে খুশি হবেন যে, এক গুলশান থানাতেই মোবাইল ফোন ব্যবহার করে সংঘঠিত অপরাধের অভিযোগ আগে যেখানে প্রতিদিন সর্বনিম্ন ২০টি করে আসতো সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন সম্পন্ন করার পর গত ১ জুন থেকে ৭ জুন এ ধরনের একটি মাত্র অভিযোগ দায়ের হয়েছে যা আসলেই আমাদের আনন্দিত করে।

তারানা হালিম জানান, বিটিআরসির হিসাব মতে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত অবৈধ ভিওআইপির পরিমাণ নজিরবিহীন ভাবে কমে গেছে, যার ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.