Sylhet Today 24 PRINT

রিভিউ আবেদন করবেন যুদ্ধাপরাধী মীর কাসেম

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৬

মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।

শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলে ও আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে গেলে মীর কাসেম আলী একথা জানান।
 
মীর কাসেম আলীর আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, মীর কাসেম আলী মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন। এজন্য আমাদের প্রস্তুতি নিতে বলেছেন।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন তার ছেলে ও আইনজীবীসহ ৫ জন। সাক্ষাৎকারীরা হলেন- মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ, বজলুর রহমান খান, নূর উল্ল্যহ ও নাজিবুর রহমান।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসেম আলীর ছেলে ও আইনজীবীরা সকাল সাড়ে ১১ টার দিকে কারাগারে এসে সাক্ষাতের জন্য আবেদন করেন। পরে তাদের পৌনে ১২ টার দিকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। রিভিউর ব্যাপারে আইনজীবী ও মীর কাসেম আলীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কারাগারের ভেতর কথা হয় তাদের। দুপুর পৌনে ১টার দিকে আইনজীবীরা কারা ফটক থেকে বেরিয়ে যান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.