Sylhet Today 24 PRINT

রগ কেটে-কুপিয়ে আ\'লীগ কর্মীকে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

বরিশালের বাকেরগঞ্জে মহিউদ্দিন হাওলাদার (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

নিহত মহিউদ্দিনের বাড়ি ছয় নম্বর ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, মহিউদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।

নিহতের ভাই শাহজালাল জানান, বিকাল ৩টার দিকে মহিউদ্দিন বাড়িতে আসার পথে কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় যুবলীগ নেতা ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য মামুন, শওকত, বশির খানসহ বেশ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে স্থানয়ীদের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করার কারণে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.