Sylhet Today 24 PRINT

খাট বিছানা এনে গুলশান কার্যালয়েই থাকলেন খালেদা

পুলিশ আর বাধা না দিলেও রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়েই অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন

নিউজ ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৫


বাসায় যেতে পুলিশ আর বাধা না দিলেও রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়েই অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর থাকার ব্যবস্থা করতে ট্র্যাকে করে খাট, বিছানা ইত্যাদি নিয়ে আসা হয়েছে । 

গুলশান কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আপাতত খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি বাসায় যাবেন।

সূত্র জানিয়েছে, রাত ১টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়ার বাস ভবন থেকে তার নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সামগ্রীগুলো নিয়ে আসেন বাসভবনের একজন আয়া ও তিনজন নিরাপত্তাকর্মী। একটি কালো লাগেজ, প্লাস্টিকের একটি ছোট ব্যাগ এবং একটি শপিং ব্যাগে করে তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র কার্যালয়ের ভেতরে আনা হয়। এর মধ্যে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের পাশাপাশি শুকনো খাবার এবং ওষুধ-পথ্যও রয়েছে।

এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পুলিশের যে গাড়ি ফটকের সামনে রাস্তা আটকে ছিল তা সরিয়ে নেয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উনি (খালেদা) বাসার যাওয়ার জন্য অলরেডি পারমিটেড।

রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়া কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই কার্যালয়ের সামনে অতরিক্ত পুলিশ অবস্থান নেয়। রাতে খালেদা গাড়ি নিয়ে বের হতে চাইলে গেটের সামনে রাখা গাড়ির জন্য কার্যালয় থেকে বের হতে পারেননি। তিনি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখার জন্য বের হচ্ছিলেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.