Sylhet Today 24 PRINT

রড দিয়ে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে মঈন উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 
  
রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
  
এর আগে সকাল ১০টার দিকে শহরের কাউরিয়া পাড়া নতুন লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজনের আঘাতে সে গুরুতর আহত হয়। 
  
নিহত মঈন উদ্দিন ওই এলাকার বিল্লাল ঘটকের ছেলে। সে শহরের আলীজান জে এম একাডেমির ৯ম শ্রেণির ছাত্র। 
  
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, রোববার সকাল ৭টার দিকে নতুন লঞ্চঘাটের পাশ্ববর্তী বাসিন্দা আবদুল করিমের ছেলে শাহিন মিয়ার একটি স্যামসং গ্যালাক্সি মোবাইল সেট চুরি হয়। 
  
শাহিনের পরিবার একই এলাকার রক্সি (১৫) নামে এক যুবককে সন্দেহ করে। কিন্তু রক্সি অভিযোগ অস্বীকার করে। এই নিয়ে দুই পরিবারের লোকজন প্রথমে হাতাহাতি ও পরে মারামারিতে জড়িয়ে পড়ে। 
  
ওই সময় রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিশোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে রডের আঘাতে শাহিনের মামাতো ভাই মঈন উদ্দিন মাথায় গুরুতর জখম হয়। 
  
তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। 
  
নিহতের ফুফাতো ভাই খোকন খন্দকার বলেন, রক্সি একই এলাকার শাহিন মোল্লা, ইকবাল, সোহেল, মনা, সুরাইয়া ও আকলিমার নেতৃত্বে রড, লাঠি ও ছুড়ি নিয়ে প্রকাশ্যে এই হামলা চালায়। 
  
এ ঘটনায় মামলা করলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তিনি জানান। 
  
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মোবাইল সেটকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহভাজন এক নারীকে আটক করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.