Sylhet Today 24 PRINT

"রিজভী গ্রেফতার নন, চিকিৎসার জন্য হাসপাতালে"

নিউজ ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৫


বিএনপির ‘অসুস্থ’ নেতা  রুহুল কবির রিজভীকে নয়া পল্টনের কার্যালয় থেকে ‘তুলে নিয়ে’ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, রিজভী অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার রাত ১২টার দিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীকে নিয়ে যায় পুলিশ।

গত ২৭ ডিসেম্বর থেকে এই কার্যালয়ে অবস্থান করছিলেন রিজভী। অসুস্থ বোধ করায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে কার্যালয়েই তাকে স্যালাইন দিয়ে রাখা হয়।

রাতে বিএনপির এই নেতাকে কার্যালয় থেকে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ।


তিনি জানান,  কার্যালয়ে ঢুকেই পুলিশ সদস্যদের একজন রিজভীকে উদ্দেশ করে বলেন- “স্যার আপনি অসুস্থ। এখানে আপনার চিকিৎসা হবে না। আপনি যেখানে ভালো মনে করবেন সেখানেই আমরা আপনাকে নিয়ে যাব।”

এ সময়ে রিজভী গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জানতে চান- “আপনারা আমাকে কোথায় নিয়ে যেতে চান।” এক গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন- “আপনি চাইলে আমরা স্কয়ার হাসপাতালে নিয়ে যাব।”

পরে রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। রিজভীর স্ত্রী রাতেই হাসপাতালে গিয়ে স্বামীর পাশে ছিলেন বলে এই বিএনপি নেতার সহকারী তুষার আহমেদ জানিয়েছেন।

রিজভী ঘুমিয়ে পড়ায় সকাল সাড়ে ৮টার দিকে তার সহধর্মিনী বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

রিজভীকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মাসুদ পাল্টা প্রশ্ন করেন, “কেউ অসুস্থ হলে পুলিশ তাকে সহায়তা করতে পারে না?”

রাতে পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা মুনিরুল ইসলামও বলেন, রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়নি, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সর্বশেষ হরতালে রাজধানীর তোপখানা রোডে একটি বাস পোড়ানোর ঘটনায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানোর মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে রিজভী নয়া পল্টনের কার্যালয়েই ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.