Sylhet Today 24 PRINT

ফ্লোরিডায় সমকামী নৈশক্লাবে হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৈশক্লাবে হামলা চালিয়ে ৫০ জন মানুষকে হত্যার  তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “সম্ভাব্য কঠোর ভাষায় আমি এই হীন সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানাই এবং যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করছি।”

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সন্ত্রাসীদেরকে বিবেচনা করা উচিত সন্ত্রাসী হিসেবেই।

“আমাদের শান্তিকামী সমাজ থেকে এসব বিদ্বেষমূলক আপদ নির্মূলে আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দ্বিগুণ করি।”

আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে পাওয়া যায় , ওমর মতিন নামের ২৯ বছর বয়সী এক যুবক রোববার রাতে পালস নামের সমকামীদের নৈশক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়। পরে এই ঘটনার দায় স্বীকার  বার্তা দায় জঙ্গিগোষ্ঠী আইএস।   

পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই মুসলিম আমেরিকানের অ্যাসল্ট রাইফেলের গুলিতে নিহত হন ৫০ জন; আহত হন আরও ৫৩ জন।

শেখ হাসিনা বলেন, এই ঘটনায় তিনি শোকাহত ও মর্মাহত।

তিনি বলেন, “এই কঠিন সময়ে আপনার সরকার ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চায় আমার সরকার ও জনগণ। সেসঙ্গে মানব সভ্যতার জন্য হুমকি হিসেবে উদ্ভূত এই সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় অংশীদার হিসেবে আপনার সঙ্গে মিলে কাজ করার আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তাও পুনর্ব্যক্ত করছি।”

প্রধানমন্ত্রী বলেন, “আপনার প্রতি ও আপনার মাধ্যমে ওই ঘটনার শিকার এসব দুর্ভাগা মানুষের পরিবারের সদস্যদের এবং আমেরিকার জনগণের প্রতি আমরা গভীরতম শোক ও সমবেদনা জানাচ্ছি।… সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো প্রতিটি মানুষের জন্যই আমাদের বেদনা ও দুঃখে আমাদের হৃদয়ে রক্ত ঝরে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.