Sylhet Today 24 PRINT

মা বকেছেন, এ অভিমানে আত্নহত্যা করলো শিশুটি !

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৬

রাজধানীতে সাত বছরের এক শিশু আত্মহত্যা করেছে। সোমবার বিকালে কদমতলীর পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে। টেলিভিশনে অনুষ্ঠান দেখা বন্ধ করে পড়ালেখা করতে বলায় মায়ের ওপর অভিমান করে ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নুসরাত জাহান নদী। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। এছাড়া যাত্রাবাড়ীতে আরিফ নামে এক শিশু পানিতে পড়ে এবং মধ্যবাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরখানে এক যুবক স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিশু নুসরাত জাহান নদীর বাবার নাম সুলতান মিয়া। সোমবার বেলা ১১টায় নদী বাসায় টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখছিল। এসময় মেয়েকে স্কুলের পড়াগুলো পড়তে বলেন তার মা সেলিনা আক্তার। পড়তে রাজি না হওয়ায় নদীকে থাপ্পড় মারেন মা সেলিনা। এসময় কান্না শুরু করে নদী। এরপরই সে আরেকটি ঘরের মধ্যে চলে যায়। বিকাল ৫টায় সে ঘর থেকে না বের হওয়ায় তার ঘরে গিয়ে দেখে জানালার গ্রিলের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওড়নাটি ছিল সেলিনার।

যাত্রাবাড়ীর মাতুয়ালে গর্তের পানিতে ডুবে আরিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। তার বাবার নাম সাহানুর মিয়া। বাসা মাতুয়ালের মাদ্রাসা রোডে। সেখানে একটি নির্মাণাধীন ভবনের গর্তে পানি জমেছিল। সেই পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

মধ্য বাড্ডার হাইস্কুল জামে মসজিদে এসি মেরামত করার সময় শহিদুল ইসলাম (২৫) নামে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। শহিদুল ইলেকট্রিক মিস্ত্রি। বিভিন্ন বাসাবাড়িতে এসিসহ বৈদ্যুতিক কাজ করেন। সোমবার মধ্য বাড্ডার ওই মসজিদে এসি মেরামত করতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃস্ট হন তিনি। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকাল সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরখান থানা পুলিশ জানায়, ফৌজিরবাতানের একটি বাসা থেকে সোমবার সকালে ইব্রাহিম খলিল (২৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী বাসা থেকে বাবার বাড়ি চলে যান। এই অভিমানে সোমবার রাতের যেকোনো সময় খলিল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.