Sylhet Today 24 PRINT

জাসদ নিয়ে আশরাফের বক্তব্য দলীয় মতামত নয় : ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৬

জাসদকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য , সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাসদ নিয়ে তিনি (আশরাফ) যে বক্তব্য দিয়েছেন, এটা একান্তই ব্যক্তিগত মতামত। এটা দলীয় কোনো মতামত নয়। মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় আশরাফ পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরিতে জাসদকে দায়ী করে এই দলটি থেকে মন্ত্রী বানানোর জন্য আওয়ামী লীগকে আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে বলে মন্তব্য করেন। তার প্রতিক্রিয়ায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার মঙ্গলবার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, হাসানুল হক ইনু যখন জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক সেই মুহূর্তে সৈয়দ আশরাফের এই বক্তব্য জাতীয় ঐক্যকে বিনষ্ট করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.