Sylhet Today 24 PRINT

এবার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে আইএস পরিচয়ে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

দেশের বিভিন্ন স্থানে জঙ্গি কায়দায় হামলার মধ্যে আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।


বুধবার সন্ধ্যায় কম্পিউটার টাইপ ও হাতের লেখায় হুমকি সম্বলিত চিঠিটি মিশনে আসে বলে ওয়ারি থানায় করা এক সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করেছেন ওই ধর্মগুরু।

থানার এসআই মনির আহমেদ বলেন, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন।

“চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‌‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে।”

এসআই মনির আরও জানান, “চিঠিতে ওই ধর্মগুরুর উদ্দেশে বলা হয়, ‘বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে’।”

কোন মাসের ২০ থেকে ৩০ তারিখ সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ নেই।

রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের ওপরে প্রেরকের ঠিকানায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা’ রয়েছে।

পুলিশ সদস্য মনির বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিশন পরিদর্শন করেছেন।

সম্প্রতি কয়েকটি স্থানে হিন্দু পুরোহিত হত্যাকাণ্ডের পর আইএস কিংবা আল কায়দার নামে বিবৃতি এলেও আন্তর্জাতিক এই জঙ্গি দল দুটির সংগঠিত তৎপরতা বাংলাদেশে নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.