Sylhet Today 24 PRINT

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির ফল দুপুরে

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশিত হয়েছে। প্রথম দফায় মনোনীতদের ভর্তি চলবে ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

এরপর একাদশে ভর্তির জন্য মনোনীতদের তালিকা এ সংক্রান্ত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে আবেদন গ্রহণ শেষে এই ফল প্রণয়ন করা হয়েছে।

শিক্ষার্থীরা যেসব কলেজে ভর্তির আবেদন করেছে, সেসব কলেজ থেকেই ফল জানতে পারবে।

এছাড়া তাদের মোবাইল ফোনে একটি পিন নম্বর পাঠানো হবে। ওই পিন নম্বর নিয়ে তারা পছন্দের কলেজে ভর্তি হতে পারবে।

জানা গেছে, এবার ৪ হাজারের কিছু বেশি কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদন নেয়া হয়েছে। গত ১০ জুন বিকাল ৩টা পর্যন্ত ১৩ লাখ ১ হাজার ৯৯ শিক্ষার্থী অনলাইন ও এসএমএসে আবেদন করেছে।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন বলেন, এবার পর্যাপ্ত আসন আছে। কোনো শিক্ষার্থী ভর্তি বঞ্চিত হবে না। তবে কোনো কারণে কেউ যদি কলেজে প্রথম মেধাতালিকায় স্থান না পায়, তাহলেও তার সমস্যা হবে না। কেননা, সে কোনো না কোনো কলেজে অপেক্ষমান তালিকায় থাকবে। সেখান থেকেই ভর্তির ব্যবস্থা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.