Sylhet Today 24 PRINT

সৎসঙ্গ মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

কুষ্টিয়ায় এক মন্দিরের সেবায়েতকে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের থানা পাড়ার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষকে এ হুমকি দেয়া হয়।
 
এতে সেবায়েত ও পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে। পাশপাশি জেলার অন্য মন্দিরগুলোর পুরোহিতদের মধ্যেও চরম আতংকে দেখা দিয়েছে।
 
সেবায়েত নব কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মোবাইলফোনে ০১৭০৫০৯৮৯৫৩ নম্বর থেকে ফোন করা হয়। এ সময় দুর্বৃত্তরা নবকুমার ঘোষকে বলেন, 'আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সাথে দেখা হবে।'
 
নব কুমার তাৎক্ষণিকভাবে বিষয়টি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান।
 
প্রদীপ কুমার ঘোষ বলেন, বিষয়টি পুলিশ ও র‌্যাবকেও জানানো হয়েছে। আইন-শৃংখলা বাহিনী নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে। বিপত্নীক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও বউমাকে নিয়ে বসবাস করেন।
 
তিনি জানান, দীর্ঘ ২৭ বছর ধরে এই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন নবকুমার। এর আগে কোনোদিন কোনো সমস্যায় পড়েননি।
 
কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
 
প্রসঙ্গত, এর আগে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জণ পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.