Sylhet Today 24 PRINT

সাঁড়াশি অভিযান সফল ও চলমান প্রক্রিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

সাঁড়াশি অভিযানকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে এ অভিযানকে সফল বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই ধরনের অভিযান একটা চলমান প্রক্রিয়া। যখনই প্রয়োজন হয়, তখনই আমরা এগুলো করি। অর্থাৎ অভিযান শেষ হয়েছে শুরু হয়েছে এটা কোনও কথা নয়, যখনেই প্রয়োজন হবে অভিযান শুরু করব।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (এনেক্স) ভবনের মাঠে বাংলাদেশ আইন সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাঁড়াশি অভিযান সফল হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “অবশ্যই সফল হয়েছে। কোর্ট থেকে বহু মানুষের নামে ওয়ারেন্ট ছিল, আমরা নির্বাচনের জন্য সেই ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পারিনি। সেইটুকু আমরা পাইনি।

“আমরা এই স্পেশাল অভিযোগের মাধ্যমে আসামিদের ধরতে পেয়েছি। ক্রিমিনাল যারা ছিল, সন্দেহভাজন ক্রিমিনাল যারা ছিল তাদের ধরতে পেরেছি।

“আমরা আশা করি ঈদকে লক্ষ্য রেখে ক্রিমিনালদের ধরতে পেয়েছি সেজন্য আমরা আশা করছি ঈদ পর্যন্ত যেমন ঈদের কেনাকাটা বলেন, রোজসহ ধর্মীয় উৎসবগুলো জনগণ ভালোভাবে উদযাপন করতে পারবে।”

সারা দেশে উগ্রপন্থিদের হাতে একের পর এক ‘টার্গেট কিলিং’ চলার মধ্যে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে কুপিয়ে ও গুলি করে খুনের পর গত ১০ জুন ভোর থেকে জঙ্গি দমনে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করে পুলিশ।

সপ্তাহব্যাপী এ অভিযানে ১১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি সন্দেহভাজন মোট ১৯৪ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের আটক করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দেখেন অনেকে অনেক কিছু বলে। যেমন দেশের এক রাজনৈতিকদলের দলের নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন তার নেতাকর্মীদের আমরা নাকি ধরে ফেলছি, আমরা ধরি আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামি।”

মাদারীপুরে শিক্ষকের উপর হামলার সময় হাতেনাতে গ্রেপ্তার গোলাম ফাইজুল্লাহ ফাহিমের মৃত্যুর বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তার সঙ্গী-সাথীরা তাকে গুলি করে হত্যা করতে পারে।যাতে তাদের নাম না বলেন। এক্ষেত্রে সঠিক কী হয়েছে এটা আমি এখন বলতে পারব না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.