Sylhet Today 24 PRINT

কারাগারে জায়গা হচ্ছে না বন্দিদের!

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

দেশের অধিকাংশ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুন বা তিনগুণ বন্দি অবস্থান করছেন। তাই কারাগারে জায়গা হচ্ছে না বন্দিদের বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রোববার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে মুহাম্মদ মিজানুর রহমানের উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

এসময় মন্ত্রী জানান, ‘জেল কোড অনুযায়ী প্রতিজন বন্দির শুবার জায়গা ৩৬ বর্গফুট হিসেবে কারাগারে ধারণক্ষমতা নির্ধারিত হয়। অধিকাংশ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুন বা তিনগুণ বন্দি অবস্থান করছেন।’

বন্দি আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কারাগারগুলো পুনর্নির্মাণে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,  বর্তমান সরকার কারাগারের অব্যবস্থাপনা  দূর ও সেবার মান বৃদ্ধি করার জন্য ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোট ৪৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ৪১৫৬ কিলোমিটার সীমান্ত ভারতের সাথে এবং ২৭১ কি.মি. সীমান্ত মিয়ানমারের সাথে রয়েছে। মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে কোন স্থানে কোন বিরোধ নেই।

ভারতের সাথেও বর্তমানে কোন সীমান্ত বিরোধ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে ছিটমহল, অপদখলীয় ভূমি, অচিহ্নিত সীমানা ইত্যাদি বিষয়ে যে বিরোধ ছিল তা ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ইতোমধ্যে ফেনীর মুহুরী নদী এলাকা ব্যতীত সকল সীমান্ত এলাকার সীমানা পিলার স্থাপন সম্পন্ন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.