Sylhet Today 24 PRINT

‘এ কষ্ট শুধু আমার, বাবার বুকেই জমে থাক’

নিউজ ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

ফাইল ছবি

অভিজিৎ রায়ের কোনো কথা মনে করিয়ে দিয়ে আপনাদের কষ্ট দিতে চাই না। এ কষ্ট শুধু আমার, বাবার বুকেই জমে থাক।’ রোববার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এভাবেই সন্তান হারানোর কষ্টের কথা বলছিলেন অভিজিতের বাবা বিশিষ্ট পদার্থবিদ ড. অজয় রায়।

‘বিশ্ব বাবা দিবস ও জ্যোতির্বিজ্ঞানী ড. আনোয়ারুল রহমান খানের (এ আর খান) প্রথম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এ  কবিতা পাঠ ও আলোচনা সভায় প্রধান ‍অতিথির বক্তব্যে ড. অজয় রায় বলেন, অভিজিতের ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের বিষয়ে পাণ্ডিত্য ছিলো। এই এতটুকু জীবনে অভিজিৎ ১২টি বই লিখে গেছেন। যার অনেকগুলো পাণ্ডুলিপিই অপ্রকাশিত। ‘বিজ্ঞান, সমাজ, ধর্ম এই তিনটি বিষয় ছিল  অভিজিতের লেখার মূল বিষয় বা ক্ষেত্র। আমি চেষ্টা করছি তার এই বিক্ষিপ্ত বইগুলো একত্রিত করে প্রকাশ করার।’

অজয় রায় বলেন, যে উন্মাদরা অভিজিৎকে হত্যা করেছে, তারা শুধু অভিজিৎ রায়কে হত্যা করেনি, দেশকে হত্যা করেছে, দেশের মুক্তমত কে হত্যা করেছে। সরকারের কাছে অভিজিৎ রায়সহ সব মুক্তমনা লেখক হত্যাকারীদের বিচারের দাবি জানান এই সন্তান হারা বাবা।

তরুণদের উদ্দেশ্য করে ড. অজয় রায় বলেন, আমি তরুণদের প্রতি আহ্বান জানাই- যে সব উগ্রবাদী বাংলাদেশকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে তাদের রোধ করতে হবে, থামিয়ে দিতে হবে। তোমরা তাদের প্রতিহত করো।

অনুষ্ঠানে ড. এ আর খানের ছেলে বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক আশফাকুর রহমান খান তার বাবার স্মৃতিচারণ করেন। কবিতা পাঠের আসরে বাবাকে নিয়ে কবিতা পাঠ করেন সৈয়দ আলী ইমাম, এ বি এম সোহেল রশিদ, শরীফুন নাহার, প্রিয়তি পুষ্প,  শাহনাজ পারভীন, মোনায়েম হিমু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.