সিলেটটুডে ডেস্ক | ২০ জুন, ২০১৬
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকেট বিক্রি শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবার সকাল ৬টা থেকে বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকেট পাওয়া যাবে। টিকেট পাওয়া যাবে অনলাইনেও।
আর ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী বুধবার (২২ জুন) থেকে।
এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদের টিকেট বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম থাকবে।
একজন ব্যক্তি এক সঙ্গে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন বলে জানা যায়।
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ৭ জুন। ২৯ রোজা হলে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ৬ জুলাই (বুধবার)। আর ৩০ রোজা হলে ঈদ হবে ৭ জুলাই (বৃহস্পতিবার)।
১ ও ২ জুলাই সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) পর ৩ জুলাই (রোববার) পবিত্র শবে কদরের ছুটি। সেজন্য ঈদের আগে একমাত্র কর্মদিবস ৪ জুলাই (সোমবার)। এবার ঈদের সরকারি ছুটি শুরু হবে ৫ জুলাই থেকে। ৬ কিংবা ৭ জুলাই যে দিনই ঈদ হোক, সাপ্তাহিক ছুটির কারণে সরকারি ছুটি থাকবে ৯ জুলাই পর্যন্ত।
তাই ধারণা করা হচ্ছে, আগামী ৩০ জুন রাত থেকেই বাড়ি ফিরতে শুরু করবে মানুষ। তাই ওই দিন থেকে ৫ জুলাই পর্যন্ত টিকেটের চাহিদা থাকবে বেশি।
প্রতিবছর উত্তরবঙ্গের ১৬ জেলা, দক্ষিণবঙ্গের ১০ জেলা, সিলেটের ৪ জেলা এবং চট্টগ্রামের ৫ জেলার টিকেটের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবারও এসব জেলার আগাম টিকেট বিক্রি করা হবে।
গত কয়েক বছরের মতো এবারও অনলাইনে পাওয়া যাবে বাসের আগাম টিকেট। 'সহজ ডটকম' নামের একটি অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ২৮টি পরিবহন কোম্পানির বাসের টিকেট বিক্রি করবে। ১৬৩৭৪ নম্বরে কল করে কিংবা অনলাইনে টিকেট বুকিং দেওয়া যাবে। তবে সেজন্য সার্ভিস চার্জ দিতে হবে ২১ টাকা।