Sylhet Today 24 PRINT

আইসিটিখাতে কর্মসংস্থান হবে ২০ লাখ বেকারের : সংসদে প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৬

দেশের তথ্য ও প্রযুক্তিখাতে আগামী ৫ বছরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে আইসিটিতে আমাদের প্রায় ৯ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে শুরু করে বিজনেস প্রসেস, আউটসোর্সিং সেন্টার, সফটওয়্যার ডেভলপমেন্ট, মোবাইল গেমিং, মোবাইল এ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমাদের আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং, ওয়েবডেস্ক সব মিলিয়ে এই মূহুর্তে আমরা প্রায় ৪০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। 

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি গ্রহণ হারে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে ১৩ কোটিরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী আমাদের দেশে রয়েছে। ৬ কোটির বেশি মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে।’

তিনি বলেন, ‘গত সাড়ে ৭ বছরে আমরা প্রায় ২৫ হাজার সরকারি অফিসে ইন্টারনেটে হাইস্পিড ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করেছি। জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে সারা বাংলাদেশে ৫ হাজার ২শ ৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রায় প্রতি মাসে ২০০ ধরনের সেবা গ্রহণ করছে মানুষ। এবং প্রায় ৪৫ লাখ মানুষ এই ডিজিটাল ইউনিয়ন সেন্টারের সেবা গ্রহন করছে।’

তিনি জানান, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৪ কোটি ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। তাদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে আইসিটি বিষয়কে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আরেকটি সম্ভাবনাময় খাত ই-কমার্স। আলীবাবা, আমাজন ডটকম এখন বিশ্ব দখল করেছে। আমাদের বাংলাদেশেও সিন্দাবাদডটকমসহ বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আইসিটি ডিভিশন ই-শপ কর্মসূচির নামে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াংবাংলা প্লাটফর্মের সাথে আমরা যৌথভাবে সারা বাংলাদেশে ১ হাজার উদ্যোক্তা তৈরি করছি। যার মাধ্যমে আমাদের আড়াই লাখ গ্রামীণ তরুণ-তরুণীর ই-কমার্স সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

আইসিটি খাতের সমৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রীর কাছে ই-কমার্সের ট্যাক্স ও ভ্যাট মওকুফের দাবি জানান তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.