Sylhet Today 24 PRINT

বিক্রির প্রথম দিনেই বাসের টিকিটের জন্য যাত্রীদের হাহাকার, অভিযোগ

সিলেটটুডে ডেস্কভ |  ২০ জুন, ২০১৬

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার বাস বা রেলের টিকিট নিয়ে হাহাকার প্রতি বছরের নিয়মিত দৃশ্য। এবারও ব্যতিক্রম নয়। সেহেরি খেয়ে লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না প্রত্যাশীরা।

যাত্রীদের অভিযোগ, টিকিট কিনতে হচ্ছে বেশি টাকা গচ্চা দিয়ে। এছাড়া গন্তব্যের চেয়ে বেশি দূরত্বের টিকিট কিনতে হচ্ছে। যেমন- বগুড়ার যাত্রীকে রংপুরের টিকিট, দিনাজপুরের যাত্রীকে ঠাকুরগাঁওয়ের টিকিট, রংপুরের যাত্রীদের লালমনিরহাটের টিকিট ক্রয়ে বাধ্য করছে পরিবহন কর্তৃপক্ষ। টিকিট না পাবার আশঙ্কায় বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে এসব টিকিট কিনছেন যাত্রীরা।

আজ সোমবার সকাল শুরু হয়েছে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি। সকাল সাড়ে ৭টা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টিরও বেশি রুটের এ টিকিট বিক্রি হচ্ছে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এসব টিকিট বিক্রি হচ্ছে।

জানা যায়, টিকিট প্রত্যাশী যাত্রীরা সেহেরির পর থেকেই বাস কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়িয়েছেন। সময়ের সাথে সাথে টিকিট প্রত্যাশীদের লাইনও দীর্ঘ হচ্ছে। যাত্রীদের অভিযোগ, এত কষ্টের পরও কাঙ্ক্ষিত রুটের টিকেট পাওয়া যাচ্ছে না। কাঙ্ক্ষিত গন্তব্যে চেয়ে বেশি দূরত্বের টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে। ফলে গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা।

টিকিট বিক্রেতারা জানান, টিকিটের দাম বিআরটিএ কর্তৃক নির্ধারিত। ঢাকা থেকে বগুড়া ৩৮০ টাকা, নওগাঁ ৪৭০, গাইবান্ধা ৫২০, রংপুর ৫৯০, নীলফামারি ৬৮০ টাকা। এর বেশি নেয়া হচ্ছে না। তবে যারা বগুড়ার টিকিট পাচ্ছেন না কিংবা ভালো মানের টিকিট চাচ্ছেন তাদেরকে একই রুটের অন্য জেলার টিকিট দেয়া হচ্ছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ঈদের টিকেট বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম থাকবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.