সিলেটটুডে ডেস্ক | ২০ জুন, ২০১৬
সোমবার (২০ জুন) সকাল নয়টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানা আকস্মিক পরিদর্শনে এসেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। পরিদর্শনকালে নারী হাজতখানায় গিয়ে ৪ জন নারী হাজতির সঙ্গে তাদের ৪ দুগ্ধপোষ্য শিশুকে দেখেন তিনি। মায়েরা কেউ খুন, কেউ মাদকের মামলার আসামি। বাচ্চাদের থাকার কোনো ব্যবস্থা না থাকায় মাসের পর মাস তারা ঢাকার কারাগারে মায়েদের সঙ্গে থাকছে।
এরপর বিকেলে ঢাকা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বলেন, ‘মায়ের সঙ্গে হাজতে থাকা এ শিশু হয়তো একদিন রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতিও হতে পারে। মা হয়তো অপরাধ করেছেন। কিন্তু শিশুগুলোর কী দোষ? অথচ তারাও মায়ের সঙ্গে হাজত খাটছে।’ ঘটনাটি তাকে কষ্ট দিয়েছে উল্লেখ করে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে সংশ্লিষ্ট বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি।
এস কে সিনহা বলেন, ‘বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে। আগে বিচার বিভাগের প্রতি মানুষের যে কিছুটা অনাস্থা ছিল, এখন তা নেই। বিচারপ্রার্থী কোনো মানুষকে এখন মামলায় হারলেও অনেক সময় বলতে শুনেছি, যা-ই হোক বিচার তো হয়েছে।’
তিনি বলেন, ‘বাদী যেমন ন্যায়বিচার চান, তেমনি আসামিও ন্যায়বিচার চান। বছরের পর বছর মামলার সাক্ষী আসেন না। এতে করে আসামি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।’
রিমান্ডে থাকা আসামিকে ক্রসফায়ার করা হলো, আপনার প্রতিক্রিয়া কি?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘রেকর্ড ছাড়া বিষয়টি সম্পর্কে কিছু বলবো না।’