Sylhet Today 24 PRINT

প্লট চান এমপিরা

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৬

ফাইল ছবি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন জানালেন, অ্যাপার্টমেন্টের পাশাপাশি সংসদ সদস্যদের প্লটও দেওয়া হবে। এই প্লট কোথায় দেওয়া হবে, রাজধানীতে নাকি রাজধানীর বাইরে তা পরিষ্কার করেননি তিনি।

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে একথা জানান মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, রাজউকের অধীনে প্রায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। সহজ শর্তে এসব অ্যাপার্টমেন্ট গ্রহণ করা যাবে। যেসব সাংসদ জমি চাচ্ছেন, তারা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নেন।

মন্ত্রীর এই বক্তব্যর সঙ্গে সঙ্গে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা সমস্বরে ‘নো নো’ বলতে থাকেন। তখন ডেপুটি স্পিকারের ফজলে রাব্বী মিয়া সাংসদদের আশ্বস্ত করে বলেন, মাননীয় মন্ত্রীকে কথা বলতে দেন। দেখেন উনি কী বলে।

এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও আমি নতুন প্রকল্প নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। এ নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। এখানে প্রায় দুই হাজার ২০০ একর জমির উপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও সেখানেও আপনাদের প্লট দেওয়া হবে।

এর আগে গত বছরই ঘোষণা এসেছিল সরকার নতুন করে আর কোনও প্লট বরাদ্দ দেবে না, যা নিয়ে এমপিদের অনেকেই বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন।   

সাংসদদের নিজ এলাকায় প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে পূর্তমন্ত্রী বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে পরিকল্পিত আবাসিক এলাকা গ্রহণ করছি। ইতিমধ্যে ৫৫টি এলাকায় এটি করেছি। আপনারা ২০ একরের মধ্যে প্রকল্প দেন, পরিকল্পিত আবাসিক এলাকা করতে পারবেন। খরচ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ। মানুষকে শহরমুখী না হওয়ার জন্য এটা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.