Sylhet Today 24 PRINT

সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ সন্তোষজনক নয়

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৬

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তায় সন্তুষ্ট হওয়ার মতো কোনো উদ্যোগ সরকার নেয়নি।
 
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
 
রানা দাশগুপ্ত বলেন, 'সংখ্যালঘুদের নিরাপত্তায় এখনও সন্তুষ্ট হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সামগ্রিক সমস্যা বিবেচনায় যথাযথ কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।'
 
তিনি বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে তারা গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে আছেন। এর বাস্তবায়ন না হওয়ার জন্য একটি বিশেষ মহলের ষড়যন্ত্রকে দায়ী করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর।
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল অনুষ্ঠানে বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে ভূলুণ্ঠিত করা হচ্ছে, তাকে রীতিমতো অমান্য করা হচ্ছে।
 
তিনি প্রশ্ন রেখে বলেন, 'এটা করছে কারা? সেই সরকারেরই নিয়োজিত আমলারা। আমাদের দুঃখের সঙ্গে বলতে হয়, মন্ত্রী মহোদয়ও কিছু ভূমিকা রেখেছেন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.