Sylhet Today 24 PRINT

সাবেক সেনা কর্মকর্তার নাম ভাঙিয়ে পুরোহিতকে হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৬

রাজধানীর রামকৃষ্ণ মিশনের পুরোহিতকে হত্যার ‍হুমকির ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার হস্তলিপি পরীক্ষা করেছে পুলিশ। হস্তলিপি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নাম ভাঙিয়ে অন্য কেউ হুমকি দিয়েছিল।

মঙ্গলবার রাতে (২১ জুন) ওয়ারী জোনের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছেন  সেনাবাহিনীর সাবেক সদস্য এ বি সিদ্দিকীর নাম ভাঙিয়ে অজ্ঞাত কেউ হত্যার হুমকি দিয়েছে।

হুমকিদাতার আসল পরিচয় বের করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন, সম্ভবত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ব্যক্তিগত রোষানল থেকে এই ধরণের হুমকি দেয়া হয়েছে।

যদিও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই হত্যার হুমকিদাতার আসল পরিচয় বের করতে কাজ চলছে বলেও জানান ওয়ারী জোনের ডিসি।

ওয়ারী ডিসি কার্যালয়ে এ বি সিদ্দিক সাংবাদিকদের বলেন, ১৮ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসরে যান তিনি। এরপর খিলক্ষেতে স্ত্রীর বাড়ি বিক্রি করে কিশোরগঞ্জে বৌলাই এলাকায় একটি পেট্রোল পাম্প ও মাছের খামার নির্মাণকাজ শুরু করেন। তিন–চার মাস আগে পুলিশ-র‍্যাবের কাছে তিনি মাদক, জুয়া ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে একটি পক্ষ। তখন স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান তিনি। ওই পক্ষই এবারও রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে তাকে হয়রানি করছে বলে তার ধারণা।

এর আগে ত ১৫ জুন ইসলামিক স্টেটের (আইএস) নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী সেবানন্দকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে লিকলিকে গড়নের এক যুবক রামকৃষ্ণ মিশনের ফটকে এসে চিঠি দিয়ে গেছে। পরে এ ঘটনায় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে ধর্মগুরুকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি গিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.