নিউজ ডেস্ক | ১৭ মার্চ, ২০১৫
ফাইল ছবি
৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টা ১৩ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এসময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এর আগে ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অবতরণ করে। এর কিছুক্ষণ পর রাষ্ট্রপতি এসে পৌঁছান।
বেলা সোয়া ১০টায় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।
এদিকে, প্রধানমন্ত্রীর সহকারী একান্তু সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
পরে একই স্থানে বইমেলার উদ্বোধন করবেন তিনি। দুপুরে তিনি টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের বিরতি নেবেন। বিকেল ৩টায় তিনি হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়ার রাস্তায় রাস্তায় বিশালাকৃতির তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স সাজানো হয়েছে নতুন করে। এছাড়া, বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ উপলক্ষে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে।
নিরাপত্তা বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু সমাবেশ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ দিন প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। তাই পুরো টুঙ্গীপাড়ায় নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।