Sylhet Today 24 PRINT

‘পাঁচটি নৃ-গোষ্ঠীর ভাষায় বই ছাপছি, ১০ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি’

সংসদে শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, " আমরা পাঁচটি নৃ-গোষ্ঠীর ভাষায় বই ছাপছি। সেই সঙ্গে মানসম্মত শিক্ষা দিতে প্রায় ১০ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। যথারীতি পহেলা জানুয়ারি বই বিতরণ করা হবে"।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শনিবার জাতীয় সংসদে মন্ত্রী বলেন,  "আমাদের লক্ষ্য বিশ্বমানের শিক্ষা। শুধু জ্ঞান এবং প্রযুক্তি দিয়ে মাথা ভর্তি করলেই চলবে না। সেই সঙ্গে সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষ তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তি শুধু ভালো কাজেই লাগে না, খারাপও করে। এই যেমন আমাদের ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেল। তাই আমাদের লক্ষ্য ভালো মানুষ ও দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা।"

শিক্ষা বাণিজ্য বিষয়ে সাইফুর্স কোচিং সেন্টারের সমালোচনায় তিনি বলেন, "সাইফুর্স একজন শিক্ষক হয়ে বিজ্ঞাপন দিয়েছেন- ভালো ইংরেজি শিখতে হবে, তা-না হলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবে না। এমনকি ভালো বেকারও হতে পারবে না। চিন্তা করে দেখেন, কোন জায়গায় আমরা বসবাস করছি! একজন শিক্ষক বলছেন, তুমি ভালো চোর হতে গেলেও আমার কাছে এসে পড়ো। এজন্য আমি দুদককে বলেছিলাম। দুদককে ধন্যবাদ জানাই, তার নামে সমন জারি করেছে, তাকে জবাব দিতে হবে।"

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে এমপিদের বিভিন্ন সময়ের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে তিনি বলেন, এটা একটা বড় সমস্যা। আর সমস্যা থাকলেও সমাধান বের করতে হবে, "আমরা নানা বিকল্প প্রস্তাব তৈরি করছি এবং কোনো না কোনো পথ আমরা বের করবোই। এতে কোনো সন্দেহ নেই।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.