Sylhet Today 24 PRINT

বাংলাদেশেও চালু হবে বুলেট ও পাতাল রেল: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন, "বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও একদিন বুলেট ও পাতাল রেল চালু হবে।"

শনিবার(২৫ জুন)  দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে 'সোনার বাংলা এক্সপ্রেস' নামে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনা হবেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করেন। সেখানে রেলমন্ত্রী মুজিবুল হক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজোর সিতাংশু চক্রবর্তী জানান, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে 'সোনার বাংলা এক্সপ্রেস' যাত্রা শুরু করবে।

ট্রেনটি সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করবে। দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছবে। বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে।এই ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না বলেও জানান সিতাংশ চক্রবর্তী।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, সোনার বাংলায় রয়েছে দুটি এসি স্লিপিং চেয়ার, চারটি এসি চেয়ার, সাতটি শোভন চেয়ার, একটি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার।

প্রতিটি এসি চেয়ারে ৫৫টি, এসি স্লিপিংয়ে ৩৩টি, শোভন চেয়ার ৬০টিসহ ৭৪৬টি আসন রয়েছে। এসি স্লিপিং চেয়ার এক হাজার ২০০ টাকা, এসি চেয়ার ১ হাজার টাকা আর শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। টিকেটের সাথে খাবার ফ্রী হিসেবে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.