Sylhet Today 24 PRINT

আটক নয়, আলোচনার জন্য বাবুলকে ডাকা হয়েছিলো : পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

দিনভর আলোচনা-সমালোচনার পর এসপি বাবুল আক্তারকে 'জিজ্ঞাসাবাদের' কারণ সম্পর্কে জানিয়ে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার এ প্রসঙ্গে বলেছেন, ‘বাবুল আক্তার যেহেতু মামলার বাদি, তাই মামলা সংক্রান্ত বিষয়ে জানার জন্যই তাকে ডাকা হয়েছিলো। এছাড়া অন্য কিছু না।’

শুক্রবার মধ্যরাতে শ্বশুর বাড়ি থেকে এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর শনিবার বিকেলে বাসায় ফিরেছেন তিনি। বাসায় ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানিয়েছেন জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়ে সারাদেশে পরিচিতি পাওয়া এ পুলিশ কর্মকর্তা।

শনিবার বিকেলে বাবুল আক্তার জানান, ‘আমাকে কেউ গ্রেপ্তার করেনি। যেহেতু মামলার বাদি আমি, তাই এই মামলার তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার জন্য আমাকে ডাকা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে।’

এর আগে শনিবার দুপুরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়, স্ত্রী হত্যার পরিকল্পনাকারী ছিলেন বাবুল আক্তার নিজেই এবং সে কারণে তাঁকে আটক করা হয়েছে। এমন খবরে চারদিকে তোলপাড় শুরু হয়ে যায়।

বাবুল আক্তার এবং সিএমপি কমিশনারের বক্তব্যের পর সেই 'আটক' এর খবর ভুয়া প্রমাণিত হয়।

প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.