সিলেটটুডে ডেস্ক | ২৫ জুন, ২০১৬
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকাল পর্যন্ত ডিবি কার্যালয়ে স্ত্রী হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদে থাকা চট্টগ্রাম পুলিশের এসপি বাবুল আক্তারের শ্বশুরের বনশ্রীর বাসায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ বলা হলেও বাবুল আক্তার নিজেই জানিয়েছেন হত্যার তদন্ত সহায়তা করার জন্য 'আলোচনা' করতে গিয়েছিলেন তিনি। তাকে আটক বা গ্রেপ্তারের খবর সত্য নয় বলে জানান তিনি। শনিবার দিনভর চাঞ্চল্যের পর বিকেলে শ্বশুরের বাড়িতে ফেরেন তিনি। দুই সন্তান সহ আপাতত সেখানেই রয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বাবুল আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে , বিকেলে বাসায় ফেরার পর তিনি এখন বিশ্রাম নিচ্ছেন।
খিলগাঁও থানার এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাবুল আক্তারের বাসার সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।
প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সবগুলো সংস্থা মিলে এখন পর্যন্ত এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি তারা।