Sylhet Today 24 PRINT

‘মানহানীকর সংবাদ’ : মিডিয়ার বিরুদ্ধে মামলার কথা ভাবছে মিতুর পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

পরকীয়ার কারণে স্ত্রী মিতুকে হত্যার পরিকল্পনার করেছিলেন এসপি বাবুল আক্তার- কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মিতুর স্বজনরা।

শনিবার বিকেলে মিতুর ছোট বোন শায়লা মোশাররফ নিনজা সাংবাদিকদের বলেন, কথিত একটি অনলাইন পত্রিকা অত্যন্ত বাজেভাবে আমার বোন-জামাইকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। অথচ সেখানে আমাদের কারো কোনো বক্তব্য নেয়া হয়নি। এতো অরুচিকর সংবাদ বিশ্বাস করা তো দূরের কথা, কল্পনারও বাইরে। কোনো পাঠকই এমন সংবাদ বিশ্বাস করতে পারে না বলে এসময় মন্তব্য করেছেন শায়লা।
 
শায়লা বলেন, আমরা এমন সংবাদ প্রচারকারী অনলাইন ও পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা ভাবছি। মানবাধিকার কমিশনেও আমরা এ বিষয়ে অভিযোগ করবো।
 
গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেয় পুলিশ। পরে স্ত্রী হত্যার বিষয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে শনিবার সকাল পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কেউই বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্পষ্ট করেননি।
 
শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই মামলার বাদী তিনি। তাই শনাক্তকৃত আসামিদের বিষয়ে জানার জন্য বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় ১৪ ঘণ্টা পর ডিএমপি’র গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের গাড়িতে করে বাবুল আক্তারকে শ্বশুরবাড়িতে নামিয়ে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.