Sylhet Today 24 PRINT

যা থাকছে ‘সোনার বাংলা’য়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন নতুন ট্রেন ‘সোনার বাংলা’। আগামীকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলবে এই ট্রেন।

আধুনিক সুবিধা সম্বলিত এই ট্রেনের কোচগুলো আমদানী করা হয়েছে ইন্দোনেশিয়া থেকে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একইদিনে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকা এসে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। প্রতি শনিবার বন্ধ থাকবে ট্রেনটি।

চট্টগ্রাম রুটে এ নিয়ে মোট ৫টি আধুনিক ট্রেন চলাচল করবে। আগে থেকেই ঐ রুটে মহানগর প্রভাতী, সুবর্ণ, চট্টলা এক্সপ্রেস এবং তূর্ণা-নিশীথা ট্রেনগুলো চলাচল করতো।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক সুবিধা সম্বলিত ট্রেনটিতে যাত্রী ধারণ ক্ষমতা ৭৪৬ জন। ১৬ কোচের ট্রেনটিতে তাপানুকুল (এসি) চেয়ারের সংখ্যা ২২০টি। এছাড়া এসি কেবিনে আসন সংখ্যা ৬৬টি। ট্রেনটিতে শোভন চেয়ারের সংখ্যা রয়েছে ৪২০টি। দুটি খাবার গাড়িতে মোট ৪০টি শোভন চেয়ার রয়েছে। যা প্রয়োজনে যাত্রী পরিবহনেও ব্যবহার করা হতে পারে।

সোনার বাংলায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের নূন্যতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। শোভন চেয়ারে ভ্রমণ করলে প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ভাড়া হবে এই পরিমাণ। এছাড়া এসি চেয়ার ভ্রমনকারীদের গুনতে হবে ১০০০ টাকা এবং এসি বার্থে সিট প্রতি ভাড়া ১১০০ টাকা করে।

এবারই প্রথম বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণকারীদের টিকিটের সঙ্গে খাবারের দাম পরিশোধ করতে হবে। সোনার বাংলা ট্রেনে খাবার পরিবেশন করবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। যে কোনো শ্রেণীর টিকেটের সঙ্গে খাবার বাবদ ১৯৫ টাকা পরিশোধ করতে হবে যাত্রীদের। তবে রিফান্ড টিকিট হলে খাবারের দাম ফেরত দেবে রেলওয়ে।

ট্রেনটি উদ্বোধনের পর থেকে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী ব্যবসায়ী এবং সাধারণ মানুষের আসন সংকট খানিকটা সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.