Sylhet Today 24 PRINT

মাদকাসক্ত নারীদের ৪৩ শতাংশ ইয়াবা সেবনকারী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

ফাইল ছবি

আজ ২৬ জুন ‘আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবস’। এ দিবসটি উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা  আহছানিয়া মিশন আয়োজিত গোলটেবিল বৈঠকে এক জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে বলা হয়, দেশে নারী মাদকাসক্তদের ৮৪ শতাংশ পরিবারের সদস্যদের চাপে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়াবা সেবন করেন। আর পারিবারিক অশান্তির কারণে ৩৭ শতাংশ এবং বন্ধুদের প্ররোচনায় ৩৩ শতাংশ নারী মাদক গ্রহণ করেন। আহছানিয়া মিশনের নারী মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসা ১০৩ নারীর মধ্যে পরিচালিত জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে।

ঢাকা আহছানিয়া মিশনের উপ পরিচালক ও স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমীর সাজু, আব্দুল আওয়াল, মাদক চিকিৎসক জাহিদ ইকবালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় ইকবাল মাসুদ বলেন, নারী মাদকাসক্তদের শতকরা ৩৪ ভাগ মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ২৯ শতাংশের বিয়ের পূর্বে যৌন সম্পর্কের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে একাধিক যৌনসঙ্গী রয়েছে ২৩ শতাংশ রোগীর।

জরিপের মতামতে বলা হয়, নারী মাদকাসক্তের বড় একটা অংশ চিকিৎসা নিতে না আসার কারণ লোকলজ্জা। এতে করে মাদকাসক্তরা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে জানাজানি হলে সন্তানের বিয়ে হবে না এ আশঙ্কায় পরিবার বিষয়টি লুকিয়ে রাখে, যা একটি সামাজিক সমস্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.