Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস পেয়েছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১০টি বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে বাসের ডামি চাবি হস্তান্তর করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ; সাভার ক্যান্টমেন্টে প্রয়াস বিশেষায়িত স্কুল, নেত্রকোনা সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা; কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর সরকারি এমএম কলেজ এবং কক্সবাজার সরকারি কলেজ।

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দান করার জন্য ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ আহ্বানে সাড়া দিয়ে ইফাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড কোম্পানি এই বাসগুলো দান করেছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব স্কুল ও কলেজের বাস নেই, তাদের বাস সরবরাহ করা হলে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধান হবে। এজন্যই আমি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দান করার জন্য ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছি।’

১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দান করার জন্য প্রধানমন্ত্রী ইফাদ অটোস লিমিটেডকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য প্রতিষ্ঠান এক্ষেত্রে এগিয়ে আসবে।

এর আগে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু আনুষ্ঠানিকভাবে বাসের ডামি চাবি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রতিটি বাসে ৩৬টি করে আসন রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ এবং পরিচালক তাসফিন আহমেদ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.