Sylhet Today 24 PRINT

বর্ষবরণে শ্লীলতাহানির প্রতিবেদন দাখিল ২ আগস্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

বাংলা বর্ষবরণে নারীর শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছাল। এই প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

রোববার নির্ধারিত দিনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী এ দিন ধার্য করেন।

২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণে রাজধানীর টিএসসি এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনা ঘটে। এরপর প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। ওই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে অভিযুক্ত আটজনের বিরুদ্ধে মামলা করেন। তাদের ধরিয়ে দেয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।

এরপর ২০১৫ সালের ৯ ডিসেম্বর আসামি খুঁজে না পাওয়ায় এই মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস।  চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বর্ষবরণে যৌন হয়রানির ঘটনা গোপন ও প্রকাশ্য তদন্তে প্রমাণিত হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত ৮ যৌন হয়রানিকারীকে গ্রেফতার করা যায়নি।

চূড়ান্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার তদন্তে প্রমাণিত হয়েছে প্রচণ্ড ভিড়ের মধ্যে ৮-১০ জন দুষ্কৃতকারী কতিপয় নারীর শাড়ি ধরে টান দেয়। তদন্তে সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে তারা মামলার বিস্তারিত বিষয় শুনে মামলাটি অহেতুক মুলতবি না রেখে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন।

মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত ৮ জন নারী লাঞ্ছনাকারীকে গ্রেফতার করতে না পারা, ঘটনায় জড়িত কোনো আসামির সঠিক নাম-ঠিকানা না পাওয়া এবং তদন্তের সীমা নির্দিষ্ট হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হলো।

২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারিতে ডিবির দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
 
এরপর এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কয়েকটি তারিখ নির্ধারণ করলেও পিআইবি তা দাখিল করেনি।
 
সর্বশেষ আজ রোববার আদালত আগামী ২ আগস্ট মামলাটির পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.