সিলেটটুডে ডেস্ক | ২৬ জুন, ২০১৬
স্ত্রী হত্যার তদন্তে এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের খবর নিয়ে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হওয়ায় তা এই হত্যার তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে করেন এসপি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, মিতু হত্যার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মামলার বাদী হিসেবে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু এখন পর্যন্ত মামলার তদন্ত সঠিক জায়গা পর্যন্ত পৌঁছেছে বলে মনে করি না।
সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, "সব হত্যারই ন্যাচারাল একটি বিচার আছে। মেয়ে হত্যার বিচার নিয়ে হতাশ নই। প্রকৃত খুনিরা ধরা পড়বে। তাদের বিচার হবেই। তাই নিরপরাধ কাউকে যেন হয়রানি বা গ্রেফতার করা না হয়।
কোনও আসামিকে ক্রসফায়ারে না দিতেও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, বাবুল খুবই মেধাবী ও ভালো অফিসার। তার অনেক কাজ এরইমধ্যে প্রশংসনীয় হয়েছে। এজন্য হয়তো পেশাগত শত্রুরা তার পেছনে লাগতে পারে। তারাই গণমাধ্যমকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করিয়েছে। সব পেশাতেই কে কাকে ডিঙ্গিয়ে এগিয়ে যাবে, এখন সেই অসুস্থ প্রতিযোগিতা চলছে।
দাম্পত্য কলহের ব্যাপারে মোশাররফ হোসেন বলেন, এমনটি হলে সামান্যতম হলেও কানে আসতো। বাবা হিসেবে কখনোই মনে হয়নি তাদের মধ্যে কোনও দাম্পত্য কলহ আছে। মেয়ে-কিংবা মেয়ের জামাইয়ের মধ্যে কখনোই এমন কোনও আচরণ দেখতে পাইনি। এগুলো অপপ্রচার।