Sylhet Today 24 PRINT

ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনজীবীর নোটিশ

সিলেট টুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৬

পুলিশ রিমান্ডে থাকা মাদারীপুরের ফয়জুল্লাহ ফাহিমের 'বন্দুকযুদ্ধে' নিহতের সঠিক ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জুলফিকার আলী। ফাহিম 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে নাকি প্রকৃত ঘটনা ও দোষীদের আড়াল করতেই তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে নোটিশে।

সোমবার রেজিস্ট্রিযোগে সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়।

নির্ধারিত সময়ে মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট দায়ের করবেন বলে জানিয়েছেন আইনজীবী জুলফিকার আলী।

নোটিশেরর জবাব দেয়ার জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, মাদারীপুরের পুলিশ সুপার ও মাদারীপুর সদর থানার ওসিকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায়, দেশ ও জাতির মানবাধিকার রক্ষার স্বার্থে উক্ত ঘটনার প্রতিকার চেয়ে ‘Under Article 102 of the Constitutional of the People’s Republic of Bangladesh’ রিট দায়ের করা হবে।

নোটিশে বলা হয়েছে, রিমান্ডে থাকা ফাহিম 'বন্দুকযুদ্ধে' নিহতের ঘটনায় নাটকীয়তা ও রহস্য রয়েছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় 'বন্দুকযুদ্ধে' নিহতের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। এটি দেশের প্রচলিত ফৌজদারি আইন ও হেফাজত আইন ও উচ্চ আদালত কর্তৃক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত গাইডলাইন ও আদেশের পরিপন্থী।

প্রসঙ্গত, মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার সময় জনতার হাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিম পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় গত ১৮ জুন রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়। এর আগে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.