Sylhet Today 24 PRINT

দেবদাস নয়, এসএমপিতে যোগ দিচ্ছেন মাইনুল হাসান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসাবে দেবদাস ভট্টাচার্যের বদলি বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলি বাতিল করা হয়। ফলে সিলেটে আসা হচ্ছে না বর্তমানে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা এই কর্মকর্তার।

দেবদাসের পরিবর্তে চট্টগ্রাম মহানগর পুলিশের আরেক অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার  হিসেবে বদলি করা হয়েছে। প্রায় দুই মাস আগে জারি করা এক প্রজ্ঞাপনে দেবদাস ভট্টাচার্যকে সিলেটে বদলি করা হয়েছিলো।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেবদাস ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার ও উপ-কমিশনার (ডিসি) পদের ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্যকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির আদেশ বাতিল করা হয়। আগামী ১০ জুলাই থেকে আদেশটি কার্যকর হবে।

এছাড়া চট্টগ্রামের উপপুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডুকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে, উপপু​লিশ কমিশনার মো. কামরুল আমীনকে বরিশাল মহানগর পুলিশে একই পদে ও মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

বদলি হওয়া চট্টগ্রামের অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে- সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেটের উপকমিশনার, এম এ মাসুদকে চট্টগ্রামের পুলিশ সুপার (কমান্ড্যান্ট), মো. মোখলেছুর রহমান, এস এম মোস্তাইন হোসেন ও মো. মারুফ হোসেনকে চট্টগ্রামের উপকমিশনার, আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার, নওরোজ হাসান তালুকদারকে ঢাকা পিবিআইয়ের পুলিশ সুপার, মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (চলতি দায়িত্বে), মো. আবুল খায়েরকে রাজশাহীর পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.