সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০১৬
নারায়ণগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের কারণে গ্যাস না পাওয়ায় বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় গুলিবর্ষণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ভিবজিউর নীট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় ভাঙচুরকে ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় কয়েক হাজার এলাকাবাসী ভিবজিউর নীট কম্পোজিট লিমিটেড কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়। এসময় হামলাকারীরা কারখানাটির চারটি গাড়ি, আসবাবপত্র, জানালার গ্লাস ও মেশিন ভাঙচুর করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা শটগানের গুলিবর্ষণ ও রাবার বুলেট নিক্ষেপ করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী কারখানাটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এসময় ৩/৪টি যানবাহনও ভাঙচুর করা হয়। কারখানাটির কিছু কেমিক্যাল পুড়িয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০/১২ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। পুলিশের ৫/৬ জন সদস্য সামান্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের জিএম শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা এর আগে একটি যৌথ সার্ভে করেছিলাম। কিন্তু ওই সময় আমরা কোনো বুস্টার মেশিন কিংবা অন্য কোনো সংযোগ পাইনি।
মঙ্গলবার এলাকাবাসীর বিক্ষোভের পর আবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, দ্রুত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস ও এলাকাবাসীদের প্রতিনিধিদের নিয়ে যৌথ সার্ভে করা হবে। যে সময় এলাকাবাসী গ্যাস পায় না, সে সময়ে সার্ভে করা হবে। আশা করছি এর একটা দ্রুত সমাধান করা সম্ভব হবে।