Sylhet Today 24 PRINT

অবৈধভাবে নিবন্ধিত ১ লাখ সিম জব্দ, আটক ২২

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

মোবাইল সিমের ভুয়া নিবন্ধনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে ২২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিদের রাজধানীর কোন এলাকা থেকে কখন ধরা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য ওই খুদে বার্তায় জানানো হয়নি।

এ ছাড়া আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানায়নি পুলিশ। তবে ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত তথ্য অবহিত করার কথা জানিয়েছে পুলিশ।

গত মাসে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মোবাইলের সিম পুনর্নিবন্ধন শেষ হয়। বিভিন্ন মুঠোফোন অপারেটরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত সময় পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত সিমের সংখ্যা ১১ কোটি ছাড়ায়। এরপর পুনর্নিবন্ধিত না হওয়া সিম বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি সূত্রের ভাষ্য, সিম পুনর্নিবন্ধনের কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এসব অনিয়ম এখন শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.