Sylhet Today 24 PRINT

গাজীপুর কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে বার্ধক্যজানিত কারণে তার মৃত্যু হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম সিরাজুল ইসলাম (৬৫)। সিরাজুল ইসলাম তার বড় ভাই, ভাবি ও ভাতিজি হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন। একই অপরাধে তার দুই ছেলেও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার মো. রায়হান জানান, কারা হাসপাতালে নেওয়ার পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস ছালাম সরকার  জানান, সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.