Sylhet Today 24 PRINT

বিএনপি নেতাকর্মীদের গুম-খুনে র‍্যাব-পুলিশ জড়িত : খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের সঙ্গে র‍্যাব-পুলিশ জড়িত দাবি করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুম-খুনে জড়িত র‍্যাব-পুলিশ সদস্যদের কোনো দিন ক্ষমা করা হবে না। একদিন না একদিন তাঁদের বিচার করা হবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক ইফতারে তিনি এ কথা বলেন।

২০১৩ সাল থেকে শুরু হওয়া বিএনপির আন্দোলনে গুম ও খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যায় ইফতার করেন। এতে ৩৮টি পরিবার অংশ নেয়।

খালেদা জিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমন করার জন্য সরকার গুম-খুন শুরু করেছিল।

তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ করার চেষ্টা করা হবে। যেসব র‍্যাব ও পুলিশের সদস্য এসবের সঙ্গে জড়িত তাদের কোনো দিন ক্ষমা করা হবে না। তাঁদের বিচার একদিন না একদিন হবে। গুম হওয়ারা ফেরত না এলেও, বিচার পেলে পরিবারের স্বজনরা শান্তি পাবে।

এ সময় বিএনপি চেয়ারপরসন আওয়ামী লীগকে ‘জালেম’, ‘খুনি’, ‘গুপ্তহত্যাকারী’ বলে অভিযোগ করেন। তিনি বলেন, শিগগিরই দুনিয়াতেই যেন আওয়ামী লীগের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.