Sylhet Today 24 PRINT

মিতু হত্যাকান্ডে মোটরসাইকেল সরবরাহকারীসহ ২জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দু'জন হলেন- শাহজাহান ও সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকু। এদের মধ্যে সাকু হত্যাকাণ্ডে মোটরসাইকেল সরবরাহকারী।

তিনি মিতু হত্যা মামলার পরিকল্পনাকারী ও কিলিং মিশনের প্রধান হিসেবে মুসা সিকদার ওরফে আবু মুসার বড় ভাই।

মুসার পরিবার অবশ্য আগেই দাবি করেছে, মুসা ও তার বড় ভাই সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে ২২ জুন ধরে নিয়ে গেছে পুলিশ।

মিতু হত্যার মূল হোতাকে বাঁচাতে মুসাকে গুম করা হতে পারে- এমন আশংকা তৈরি হওয়ার পর মুসার স্ত্রী পান্না আক্তার সরকারের কাছে দাবি করেছেন, তার স্বামীকে জীবিত অথবা মৃত ফিরিয়ে দেয়া হোক।

আর গ্রেফতার শাহজাহানের নাম এসেছে এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে।

মিতু হত্যাকাণ্ডের জবানবন্দিতে ওয়াসিম ও আনোয়ার বলেন, মিতুকে হত্যার ১৫ দিন আগে ওয়াসিম, নবী, কালু, শাহজাহানসহ সাতজনকে নিয়ে পরিকল্পনা করেন মুসা। ঘটনার আগের দিন রাতে তারা সবাই মুসার বাসায় ঘুমান। ওইদিন মুসা সবাইকে ৫০০ টাকা করে দেন। ঘটনার পর তারা আবার মুসার বাসায় যান। সেদিন মুসা সবাইকে এক হাজার টাকা করে দেন। সেখান থেকে যে যার মতো চলে যান।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের বাসার অদূরে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু।

মোটরসাইকেলে আসা তিন হামলাকারী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.