Sylhet Today 24 PRINT

মিতু হত্যার ২ সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৬

জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের কারণে দেশব্যাপী আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২ জন পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

একই সঙ্গে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়ার উপজেলার রাণীরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

নুরুল ইসলাম ওরফে রাশেদ (২৭) ও নুরুন্নবী (২৮) নামের ওই দুইজনসহ সন্দেহভাজন মোট পাঁচজনের দেশ ছাড়ায় এ আগে নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশ।

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন চট্টগ্রামে বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু।

ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়লেও গত ২৬ জুন আনোয়ার ও মোতালেব মিয়া ওরফে ওয়াসিম নামে দুজনের গ্রেপ্তারের খবর জানায় পুলিশ।

এরপর ২৮ জুন নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন নামের দুইজনকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আদালতে জবানবন্দিতে ওয়াসিম ও আনোয়ার বলেছেন, মুছার ‘পরিকল্পনা অনুযায়ী’ এ হত্যাকাণ্ড ঘটানো হয়। ওই জবানবন্দিতেই রাশেদ, কালু, শাহজাহান ও নবীর নাম আসে।

পরে ওই পাঁচজনের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারির পর পুলিশ ১ জুলাই শাহজাহান ও মামলায় অন্যতম সন্দেহভাজন মুছার ছোট ভাই সাইদুল ওরফে সাকুকে গ্রেপ্তারের কথা জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.