Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া ভালো কথা বলেছেন, জাতীয় ঐক্যের প্রয়োজন : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৬

গুলশানে জঙ্গি হামলার পর খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এই মূহুর্তে ঐক্য প্রয়োজন, তবে জামায়াত সাথে থাকলে তা সম্ভব না।

অর্থমন্ত্রী বলেন, অনেকদিন পর খালেদা জিয়া এ ব্যাপারে ভালো কথা বলেছেন।

বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, যারা গুলশানে হত্যাকান্ড ঘটিয়েছে তারা বিপথগামী। আর পিতামাতার সান্নিধ্যহীন সন্তান বিপথগামী হতে পারে। তিনি বলেন, পিতামাতা ও স্বজনদের উচিত সবসময় সন্তানদের দিকে খেয়াল রাখা।

পাশাপাশি অর্থমন্ত্রী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। আজ ঈদের নামাজের পর শাহী ঈদগাহের নতুন মিনারটি অর্থমন্ত্রী কর্তৃক উদ্বোধনের কথা থাকলেও অনিবার্য কারনে সেটি পিছিয়ে দেয়া হয়েছে বলে জানান ঈদগাহ কর্তৃপক্ষ।

সকাল সাড়ে আটটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে এছাড়াও নামাজ আদায় করেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য, এরআগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও গুলশান হামলার পর এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.