সিলেটটুডে ডেস্ক | ০৮ জুলাই, ২০১৬
শোলাকিয়ার ঈদ জামাতের প্রবেশ পথে বোমা হামলাকরে হতাহতের ঘটনা ঘটিয়ে পরে নিহত হওয়া সেই জঙ্গির পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে তার নাম আবির রহমান। সেও বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগেও এই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে জঙ্গি সংগঠনে জড়িত পাওয়া গেছে, এমনকি বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও নানা সময়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাথে যুক্ত থাকার খবর উঠে আসে। জঙ্গি আবির ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল থেকে এ লেভেল পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, “নিহত হামলাকারীর পরিচয় আমরা জানতে পেরেছি। তার নাম আবীর রহমান।
রাজধানী বসুন্ধরা এলাকার বাসিন্দা আবির গত ৮ মাস থেকে নিখোঁজ ছিল। শোলাকিয়ায় হামলার দিন তার লাশ উদ্ধারের সময় দেখা যায় তার পরনের প্যান্টে চাপাতি বহন করার বিশেষ চেম্বার রয়েছে।
আরো পড়ুন-হামলাকারীদের পোশাকে বিশেষ চেম্বার!
উল্লেখ্য, বৃহস্পতিবার ঈদের দিন সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদ জামাতের প্রবেশ পথে জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান দুই পুলিশ সদস্য জহিরুল হক ও আনসারুল হক। পরে পুলিশের সাথে গোলাগুলিতে এক জঙ্গি নিহত। ওই এলাকার বাসিন্দা এক গৃহিণী নিজ ঘরের ভেতরেই মিস ফায়ার হয়ে নিহত হন। এই ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দিনাজপুরের এক মাদ্রাসাছাত্র পরে র্যাবের জিজ্ঞাসাবাদে বলেছে ওস্তাদের নির্দেশে সে হামলায় অংশ নেয়।