Sylhet Today 24 PRINT

শোলাকিয়ায় হামলা : এখনো দায় স্বীকার করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কেউ। এই হামলার ৩৫ ঘন্টা পেরিয়ে গেলো এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠনকে দায় স্বীকার করতে দেখা যায়নি।

গত ১ জুলাই গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলার সাথেসাথেই আইএস দায় স্বীকার করে বলে জানিয়েছিলো সাইট ইন্টিলিজেন্স। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলশান ও শোলাকিয়ায় একই ধরণের বোমা ব্যবহার করা হয়েছে।

আএইসের বরাত দিয়ে গুলশানে হামলায় নিহত এবং হামলাকারীদের ছবিও প্রকাশ করে সাইট ইন্টিলিজেন্স। পরে পুলিশ সদনদপ্তর থেকে প্রকাশিত হামলাকারীদের ছবির সাথেও আইএস প্রকাশিত ছবির মিল পাওয়া যায়। যদিও সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আইএস নয়, দেশীও জঙ্গীরাই এসব হামলার সাথে জড়িত।

এরআগে দেশে বিভিন্ন সময়ে মুক্তমনা লেখক, ব্লগার, পুরোহিত, অধ্যাপক, সমকামী অধিকার কর্মীদের হত্যার দায় স্বীকার করেছিলো আইএস, আনসারউল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন জঙ্গি সংগঠন।

ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বৃহস্পতবার সাংবাদিকদের জানান, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় যে বোমা ব্যবহার হয়; ঠিক একই ধরনের বোমা কিশোরগঞ্জে শোলাকিয়ায়ও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন

শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্য আনসার উল্লাহর নামাজে জানাজা শেষে তিনি এতথ্য জানান।

মঈনুল হক বলেন, গুলশান যে বোমা ব্যবহার হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায়ও একই ধরনের বোমা ব্যবহার করেছে সন্ত্রাসীরা। গুলশানে শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করা হয়। কিশোরগঞ্জে উদ্ধারকৃত বোমার গায়েও আইইডি লেখা রয়েছে।

গুলশান হামলার সঙ্গে শোলাকিয়ার কোনো সংযোগ আছে কী না এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, 'ওই ঘটনার সঙ্গে এটির কোনো সংযোগ আছে কী না তা এখনও বলা যাচ্ছে না।'

এ ঘটনায় আইএস যুক্ত আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, শোলাকিয়ায় দেশি জঙ্গিরা হামলা করতে পারে। তবে এদের সঙ্গে আইএস এর যোগাযোগ থাকতে পারে।

তবে শোলাকিয়ার ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, আইএস নয়, শোলাকিয়ায় হামলার সাথে জামায়াত-শিবির জড়িত।

গুলশানে হামলার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোল‍াকিয়া ঈদগাহ ময়দানের কাছে টহলরত পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের বেশিরভাগই পুলিশ বলে জানা গেছে।

নিহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জহিরুল হক ও মো. আনসার উল্লাহ। তাৎক্ষণিকভাবে নিহত হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঝর্ণা রানী ভৌমিক নামে এক নারীও নিহত হয়েছে। হামলায় নিহত জঙ্গি আবির রহমান রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

এর আগে ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযান চলে। এ ঘটনায় ২০ জিম্মি নিহত হন; যাদের বেশির ভাগই বিদেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.