সিলেটটুডে ডেস্ক | ১৪ জুলাই, ২০১৬
ফাইল ছবি
গুলশান হামলায় নিহত জাপানি নাগরিকদের স্থানে মেট্রোরেল প্রকল্পের জন্য নতুন প্রকৌশলী পাঠাবে দেশটি। এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর বাবুবাজার ব্রিজের কাছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা জানান।
জাপানি নাগরিক নিহত হওয়ায় এ প্রকল্পে বড় কোনো প্রভাব পড়বে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘যে সাতজন মারা গেছেন, তাঁরা মেট্রোরেল ১ ও ৫ এর কাজে এসেছিলেন। সেটা পরে হবে। তাঁরা এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজে এসেছিলেন। তাঁদের যে প্রধান তিনি জানিয়েছেন, আমি বাংলাদেশে ফিরব এবং আমার দায়িত্ব শেষ করব।’
আইন অমান্যকারী মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে রাজধানীতে প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ঘটনা রোধে কোনো কিছুই কাজে আসবে না, যদি না মানসিকতার পরিবর্তন হয়।’