Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে শুরু হলো কম্বিং অপারেশন ‘আইরিন’

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মত বাংলাদেশেও শুরু হয়েছে কম্বিং অপারেশন ‘আইরিন’। এ অভিযানটি চলবে ২০ দিন।

বৃহস্পতিবার বিকেলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অপারেশন শুরু হলেও আজ শুক্রবার থেকে তা জোরদার করা হবে।

এ কম্বিং অপারেশনের প্রথম দিনে র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে শাহজালাল বিমাবন্দরের কার্গো ভিলেজে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। অভিযানে গোলাবারুদ বা অস্ত্র উদ্ধার হয়নি। তবে পাওয়া গেছে ৭ হাজার ৪০০ পিস ভায়াগ্রা ও যৌন উত্তেজক ট্যাবলেট।

অভিযান শেষে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসী হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ‘এনফোর্সমেন্ট কমিটি অব দ্য কাস্টমস অপারেশন কাউন্সিল’ এর সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান শুরু হয়েছে।

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) অধীনে ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ অভিযানের অংশ হিসেবে পোস্টাল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা পার্সেলগুলোর স্ক্যান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অভিযানটি আরও জোরদার করার লক্ষ্যে আজ শুক্রবার থেকে র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ সব সংস্থার সদস্যদের সহযোগিতা নেয়া হবে।’

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের আবেদনের প্রেক্ষিতে কম্বিং অপারেশন ‘আইরিন’-এ র‌্যাবের ডগ স্কোয়াড পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.