Sylhet Today 24 PRINT

পুলিশ সদস্যদের একা চলাফেরা না করার নির্দেশনা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

নিজেদের উপর আরও জঙ্গি হামলার আশঙ্কা করছে আইনশৃংখলা বাহিনী। হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিজেদের নিরাপত্তায় খুবই তৎপর হয়ে উঠেছে তারা।

গত বৃহস্পতিবার মাঠ পর্যায়ে সারাদেশের সব পুলিশ ও র‌্যাব সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে সব ইউনিট প্রধানকে আলাদা আলাদা জরুরি বার্তা পাঠিয়েছে পুলিশ ও এলিট ফোর্স র‌্যাবের সদর দপ্তর।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের কাছে পাঠানো ওই জরুরি বার্তায় পুলিশ সদস্যদের একা একা চলাফেরা না করা, সম্ভব হলে ছোট অস্ত্র সঙ্গে রাখা এবং টহল ও চেকপোষ্ট দায়িত্ব পালনের সময় অবশ্যই হেলমেট ও বুলেট জ্যাকেট পরে নিতে বলা হয়েছে।

এলিট ফোর্স র‌্যাপিট এ্যকশন ব্যাটালিয়ানের ১৪ জন কমান্ডিং অফিসারকেও একই ধরনের জরুরি বার্তায় সতর্ক থাকতে বলেছে র‌্যাব সদর দপ্তরও।

গুলশানে হামলাকারী জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে মারা যান এক সহকারী পুলিশ কমিশনার এবং একজন ওসি। আর ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলায় মারা যান পুলিশের দুই সদস্য।

তারও আগে ঢাকার গাবতলীতে পুলিশ চেকপোষ্টে জঙ্গি হামলায় নিহত হন এক পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.