সিলেটটুডে ডেস্ক | ১৬ জুলাই, ২০১৬
রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ভারতে লুকিয়ে আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পত্রিকাটি জানায়, গুলশান হামলার মূল পরিকল্পনাকারীকে চিহ্নিত করতে পেরেছে বাংলাদেশের তদন্তকারীরা। হামলার বিষয়টি চূড়ান্ত করে সাত মাস আগে পশ্চিমবঙ্গে চলে যান ওই পরিকল্পনাকারী। বর্তমানে পশ্চিমবঙ্গের কোথাও আত্মগোপনে আছেন তিনি।
এদিকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মো. সুলায়মানকে খুঁজছে পশ্চিমবঙ্গের পুলিশ। আইএস-সংশ্লিষ্ট আবু আল-মুসা আল বাঙালি ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদে তার নাম জানা গেছে। বর্ধমান জেলা থেকে ১০ দিন আগে মুসাকে গ্রেফতার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, 'নিখোঁজ যুবকদের' নথি তৈরি করছে বাংলাদেশ সরকার যা ভারতকে দিতে কোনো বাধা নেই বলে জানান গওহর রিজভী।
একই সঙ্গে জোটবদ্ধ হয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেয়ায় দেশের ইচ্ছার কথা জানান তিনি।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলা ও জিম্মি সংকটের ঘটনায় বিদেশীসহ অন্তত ২২ জন নিহত হন। আহত হন বেশ কয়েক জন। উদ্ধার অভিযানে নিহত হয় পাঁচ বন্দুকধারী।